ঢাকা, বুধবার   ২১ অক্টোবর ২০২৬

জামায়াতের জান্নাতের পথ দাজ্জালের জান্নাতের মতো:  রাশেদ খাঁন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:০৭, ২১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া’ সংক্রান্ত বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। 

বুধবার (২১ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খাঁন হাদিসের প্রসঙ্গ টেনে লেখেন, কেয়ামতের আগে দাজ্জালও মানুষকে জান্নাত দেখিয়ে তাকে অনুসরণ করতে বলবে। তিনি প্রশ্ন তোলেন, জামায়াত আসলে মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়?

নিজের স্ট্যাটাসে জামায়াতের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও কৌশলগত অবস্থানের দিকে ইঙ্গিত করে একাধিক প্রশ্ন উত্থাপন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। তিনি জানতে চান, এই পথ কি নির্বাচনের আগে বিদেশিদের সঙ্গে বৈঠক করে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম না করার প্রতিশ্রুতি দেওয়ার পথ, নাকি গাজী নজরুল ইসলামের পথ? 

এছাড়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনজীবী হওয়া এবং রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ আখ্যা দিয়ে ধর্ম অবমাননা করার বিষয়গুলো নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

নির্বাচনী রাজনীতিতে জামায়াতের অবস্থান পরিবর্তনের সমালোচনা করে রাশেদ খাঁন লেখেন, দলটির নীতি কি আগে ‘হিন্দু মানে নৌকা’ এবং এবার ‘হিন্দু মানে দাঁড়িপাল্লা’ বলার পথ? তিনি একদিকে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া এবং অন্যদিকে জান্নাতের টিকিট বিতরণ করার দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলেন।

পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে টেনে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের মাত্র এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার না চেয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করার মাধ্যমে জামায়াত জুলাইয়ের শহীদ ও আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

রাশেদ খাঁন কঠোর ভাষায় বলেন, ‘মিথ্যা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়ে জামায়াতে ইসলামী সাধারণ মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চাচ্ছে, তা মূলত দাজ্জালের জান্নাতেরই নামান্তর।’

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি